ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল, জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভার পর এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় তিন ঘণ্টা ধরে নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়।


আইন অনুযায়ী, ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়। কোনো দল বা জোট যে আসন সংখ্যায় জয়ী হয়েছে, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন বরাদ্দ দেওয়া হয়। এই হিসাব অনুযায়ী বিএনপি পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীদের জোট করলে ২টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসন। ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবেন না।


জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ আইন অনুসারে কমিশনকে মনোনয়ন, যাচাই-বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ ঘোষণা করতে হয়। এছাড়া গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দল ও জোটভিত্তিক সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করতে হয়।